উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কাপ্তাই হ্রদ এলাকায় বৃষ্টিপাতের কারণে হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কাপ্তাই বাঁধের ১৬টি গেট এবার চতুর্থ দফায় তিন ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বাঁধের ১৬টি গেট তিন ফুট উচ্চতায় খোলা রাখা হয়। এর আগে গতকাল রাত ৩টায় হ্রদের পানি একেবারেই সর্বোচ্চ পর্যায়ে চলে আসায় এক ফুট থেকে বাড়িয়ে সাড়ে তিন ফুট পর্যন্ত সবকটি জলকপাট খুলে দেওয়া হয়। পরবর্তীতে সকাল ৯টায় পানি কিছুটা কমলে গেটের উচ্চতা ছয় ইঞ্চি কমিয়ে তিন ফুট উচ্চতায় খোলা রাখা হয়। বর্তমানে এই উচ্চতায় প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আরো ৩২ হাজার কিউসেক পানি নদীতে নিষ্কাশন হচ্ছে।
কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, হ্রদের পানি বিপদসীমায় চলে আসায় পানি কমাতে গতকাল রাতে সাড়ে তিন ফুট পর্যন্ত গেট খোলা রাখা হয়। পরবর্তীতে সকালে পানি কিছুটা কমে আসলে গেটের উচ্চতা ছয় ইঞ্চি কমিয়ে তিন ফুট উচ্চতা খোলা রাখা হয়েছে। সকাল নয়টায় পানির স্তর রয়েছে ১০৮.৮৯ এমএসএল (মিনস সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল।