রাঙামাটিতে ১৫ কেজির অজগর উদ্যানে অবমুক্ত

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

রাঙামাটির কাপ্তাইয়ে লোকালয় থেকে ১২ ফুট দীর্ঘ ও ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের সমন্বয়ে সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কাপ্তাই জাতীয় উদ্যানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম এবং পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাইয়ের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ইমরুল কায়েসের উপস্থিতিতে অজগরটি অবমুক্ত করা হয়।

এর আগে রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি মারমা পাড়া ছাত্রাবাস এলাকায় অজগরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সাপটি উদ্ধারের উদ্যোগ নেন।

রেসকিউ টিমের সদস্য মো. সাকিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা অজগরটি উদ্ধার করেন। পরে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও রেসকিউ টিমের সমন্বয়ে সাপটিকে নিরাপদে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খান মোহাম্মদ আনোয়ার, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাপ্তাই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিষেক বড়ুয়া এবং উপজেলা রেসকিউ টিম ও বন বিভাগের সদস্যরা।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাইয়ের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ইমরুল কায়েস বলেন, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ১৫ কেজি। সাপটিকে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত