গাজীপুরে বিলুপ্ত প্রজাতির অজগর উদ্ধার

গাজীপুরে বিলুপ্ত প্রজাতির একটি অজগর (বার্মিজ পাইথন) উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার পিরুজালী ময়তাপাড়া এলাকা থেকে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী ডিভিশনের ভাওয়াল রেঞ্জের কর্মীরা।

স্থানীয় বাসিন্দা সাপুড়ে নাজিম বলেন, ‘অজগর সাপটি মণীপুর বেলতলী এলাকার রোকনের বাড়িতে কাঠের ভূসির ভেতর লুকিয়ে ছিল। এলাকাবাসী আমাকে খবর দিলে সেখানে গিয়ে সাপটি ধরে নিয়ে আসি। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা এসে সাপটি নিয়ে যায়।’

ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘অজগরটি উদ্ধার করে বিকেল ৩টায় রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এ ধরনের অজগর সাপ সাধারণত বনেই থাকে। তবে খাদ্যের অভাবে এখানে এসেছে কি না সেটা গবেষণা করে বলতে হবে।’