জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এ জবানবন্দি দেবেন তারা।
গতকাল বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘সম্পাদক মাহমুদুর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম আজকে (গতকাল) সাক্ষ্য দেবেন, এ রকম প্রস্তুতি ছিল। কিন্তু ওনারা ব্যক্তিগত কারণে আজকে আসতে পারেননি বলে প্রসিকিউশনের পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়।
ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে আগামী সোমবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।’
গত ৩ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। গত মঙ্গলবার পর্যন্ত এ মামলায় ৪৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
এর আগে গত ১০ জুলাই প্রসিকিউশনের দাখিলকৃত অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগে ৮১ জন সাক্ষী সাক্ষ্য দেবেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ মামলায় রাজসাক্ষী হিসেবে ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছেন। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শুনানি করছেন।