জাতীয় নির্বাচনে ভোট হবে ৪২ হাজার ৬১৮ কেন্দ্রে

আগামী জাতীয় সংসদ নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে মোট ৪২ হাজার ৬১৮ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করেন। আগামী ২০ অক্টোবর ইসি এই তালিকা চূড়ান্ত করবে বলে জানান তিনি।

ইসি সচিব বলেন, বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে মোট ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, পুরুষদের জন্য ৬০০ জন ভোটার ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। আর মহিলাদের জন্য ৫০০ জন ভোটার ধরে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। মোট ভোটকক্ষ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। ইসি সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি।

এবার ৪২ হাজার ৬১৮টি হয়েছে। যে তালিকা প্রকাশ করা হলো তার ওপর দাবি আপত্তি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে, যা নিষ্পত্তি হবে ১২ অক্টোবর। আর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।

আগামী ফেব্রুয়ারির প্রথমভাগে সংসদ নির্বাচন ও ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে সব কাজ এগিয়ে নিচ্ছে ইসি, বলেন সচিব আখতার আহমেদ।