মুন্সীগঞ্জের সিরাজদীখানে সুমাইয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামের খালার বাড়ি থেকেই ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। নিহত সুমাইয়া আক্তার উপজেলার চর গুলগুলিয়া গ্রামের কুয়েত প্রবাসী জায়েদুল হকের স্ত্রী এবং একই গ্রামের আলমগীর মিয়ার মেয়ে।
পুলিশ ও স্বজনরা জানান, দুই বছর আগে একই গ্রামের প্রবাসী জায়েদুল হকের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সংসারে টানাপোড়েন চলছিল। গতকাল বুধবার মায়ের সঙ্গে উপজেলার পলাশপুর গ্রামের খালা জয়নব বিবির বাড়িতে বেড়াতে আসে সুমাইয়া।
বৃহস্পতিবার সকালে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় সুমাইয়াকে পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। সুমাইয়ার স্বামী প্রায় দেড়-বছর ধরে কুয়েতে প্রবাসে রয়েছেন। তাদের সংসারে জুবায়ের নামে এক বছরের ছেলে সন্তান রয়েছে।
নিহতের মা মাজেদা বেগম বলেন, আমি মেয়েকে নিয়ে আমার বোন জয়নাব বিবির বাড়িতে বেড়াতে এসেছিলাম।বৃহস্পতিবার সকালে পাশের বাড়ি থেকে ফিরে এসে দেখি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা আসে। পরে জানালা ভেঙে ঘরে ঢুকে দেখি, মেয়ে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে। দ্রুত নামিয়ে পানি দিই, কিন্তু কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দিই।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে।