নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ তুলেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম। গতকাল বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মাজহারুল ইসলাম বলেন, ‘তাজউদ্দীন হলে ছাত্রদল কেন্দ্র দখলের চেষ্টা করেছে। ছাত্রদলের ভিপি ও এজিএস প্রার্থীরা কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছেন, যেখানে স্পষ্টভাবে বলা আছে কেন্দ্রে কেউ ঢুকতে পারবে না। তারা ভোট কারচুপি করেছে। আমাদের দল এবং সাধারণ শিক্ষার্থীরা মিলে তা প্রতিরোধ করেছে।’
ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ বলেন, ‘নির্বাচন কমিশন ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ব্যর্থ হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের যে প্রস্তুতি থাকা উচিত, তার কোনোটিই তারা ভালোভাবে গ্রহণ করেনি। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে এবং হলগুলোতে সাবেক ছাত্রদল নেতাকর্মীদের দেখা গেছে।’ এ ছাড়া, বিভিন্ন হলে ছাত্রদল সমর্থিত প্যানেলকে ভোট দেওয়ার জন্য ভয়ভীতি দেখানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, ক্যাম্পাসের চারপাশে ছাত্রদলের বহিরাগতদের বেশি আনাগোনা দেখা গেছে। ব্যালট পেপার ও ওএমআর মেশিনের অভিযোগের বিষয়ে আরিফ উল্লাহ বলেন, ‘এইচআরসফট বিডি নামে যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তার প্রধান নির্বাহী কর্মকর্তা রোকমুনুর জামান রনি বিএনপি সমর্থক। অথচ এ নিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।’