কখনো তীব্র তাপপ্রবাহ, কখনো আবার টিপ-টিপ কিংবা ঝিরি-ঝিরি বৃষ্টি। এ রকম মিশ্র পরিবেশের মধ্যেও নতুন-পুরাতন নাটকে সরগরম থিয়েটারপাড়া। রোদ-বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিদিন সন্ধ্যায় দর্শক ও নাটকের কলাকুশলীদের পদচারণে মুখর শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতি মিলনায়তন প্রাঙ্গণ। চলতি মাসের শুরু থেকেই জমে ওঠেছে থিয়েটার অঙ্গন। অপেক্ষায় আছে আরও একাধিক নাটক।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে স্পর্ধা ইন্ডিপেন্ডেন্ট থিয়েটারের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসব। গত ৮ আগস্ট ‘পূর্ব রঙ্গ’ পর্ব দিয়ে এই উৎসব শুরু হয়েছে। এখন চলছে এই উৎসবের ‘উত্তাল তরঙ্গ’ শীর্ষক দ্বিতীয় পর্ব। এই পর্বে আজ শুক্রবার বাতিঘর আর্ট স্পেসে প্রদর্শিত হবে ‘বিস্ময়কর সবকিছু’। ব্রিটিশ নাট্যকার ডানকান ম্যাকমিলানের নাটক ‘এভরি ব্রিলিয়ান্ট থিং’ অবলম্বনে এর অনুবাদ করেছেন ও নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। মানসিক স্বাস্থ্যবিষয়ক নাটকটিতে অভিনয় করেছেন মহসিনা আক্তার। এ ছাড়া উত্তাল তরঙ্গে পর্বে রয়েছে ৪টি কর্মশালা ও ১টি বাহাস। উৎসবের শেষ পর্ব ‘অন্তিম ভাটি’ শুরু হবে ১৮ সেপ্টেম্বর। তিন দিনব্যাপী এই আয়োজনে থাকবে ট্রেকিং অভিজ্ঞতাজাত প্যারাথিয়েটার। ঢাকা থেকে একটি দল নিয়ে দুর্গম কোনো অঞ্চলে প্রকৃতির মধ্যে প্যারাথিয়েটার করা হবে।
শিল্পকলা একাডেমিতে তিনদিন ধরে প্রদর্শিত হচ্ছে জনপ্রিয় নাট্যদল প্রাচ্যনাটের আলোচিত নাটক ‘ব্যতিক্রম ও নিয়ম’। বার্টোল্ট ব্রেখটের এই নাটকটি বাংলায় অনুবাদ করেছেন শহীদুল মামুন। নাটকটির নির্দেশনা দিচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও নির্দেশক আজাদ আবুল কালাম। তিন দিনে নাটকটির চারটি প্রদর্শনীর আয়োজন করেছে প্রাচ্যনাট। আজ শেষ দিন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হবে দলটির ৪৩তম প্রযোজনা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সাখাওয়াত হোসেন রেজভী, আহম্মেদ সাকী, শতাব্দী ওয়াদুদ, শাহীন সাইদুর, ইয়াদ খোরশিদ ঈশান, রকি খান, মো. রফিকুল ইসলাম, অনসূয়া চক্রবর্তী অপালা, পরশ লোদী, ফয়সাল কবির সাদি, তাসনুভা কবির আদিতা, ফুয়াদ বিন ইদ্রিস, শ্রাবণ শামীম, অদ্রী জা আমিন।
আগামীকাল শনিবার রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ফ্রাইডে থিয়েটার স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘হ্যামেলিনের পাইড পাইপার’ শিরোনামের মঞ্চনাটক। আলিয়ঁস ফ্রঁসেজের ধানম-ি শাখার মিলনায়তনে ওইদিন দুটি প্রদর্শনী হবে নাটকটির। প্রথম প্রদর্শনী শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়। হ্যামেলিনের পাইড পাইপার নাটকটির নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আশীষ খন্দকার। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ফ্রাইডে থিয়েটার স্কুলের উদ্যোগে আয়োজিত একটি কর্মশালা পরিচালনা করেন আশীষ খন্দকার। কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে তৈরি হয়েছে এই নাটক।
ফ্রাইডে থিয়েটার স্কুল প্রযোজিত হ্যামেলিনের পাইড পাইপার নাটকটি বিশ্বখ্যাত জার্মান লোককথার নাট্যরূপ। মধ্যযুগীয় হ্যামেলিন শহরের প্রেক্ষাপটে রচিত নাটকটি ন্যায়, প্রতিশ্রুতি ও বিশ্বাসভঙ্গের পরিণতি নিয়ে এক অনন্য রূপক কাহিনি। ফ্রাইডে থিয়েটার স্কুল জানিয়েছে, রসাত্মক অভিনয় ও হৃদয়স্পর্শী উপস্থাপনার মাধ্যমে নাটকের প্রতিটি দৃশ্য সববয়সী দর্শকের কাছে সমান আকর্ষণীয় হয়ে ওঠবে।
স্বপ্নদলের বহুল প্রশংসিত নাটক ‘হেলেন কেলার’ও প্রদর্শিত হবে আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। মহিয়সী নারী হেলেন কেলারের জীবন, কর্ম, স্বপ্ন, সংগ্রাম, দর্শনভিত্তিক ‘হেলেন কেলার’ রচনা করেছেন অপূর্ব কুমার কু-ু এবং নির্দেশনা দিচ্ছেন জাহিদ রিপন। অভিনয় করছেন জুয়েনা শবনম। দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের মানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি নিয়ে আবর্তিত স্বপ্নদলের ‘হেলেন কেলার’ প্রযোজনা।
আগামী ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে বাতিঘরের ১৫তম প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’-এর ২৫তম প্রদর্শনী। ২০২১ সালের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর নাট্যদল বাতিঘর থিয়েটার মঞ্চে নিয়ে এসেছিল নাটকটি। চার বছর পর আবার এটি দেখতে পাবেন দর্শক। জেরম লরেন্স এবং রবার্ট এডউইন লির মূল গল্প অবলম্বনে মাংকি ট্রায়াল নাটকের মঞ্চরূপ ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। নাটকের গল্প ১৯২৫ সালের, আমেরিকার বহুল আলোচিত ‘স্কোপস মাংকি ট্রায়াল’-এর ঘটনা অবলম্বনে, যেখানে একজন নিরীহ স্কুলশিক্ষক ক্লাসে বিজ্ঞান শিক্ষা দিতে গিয়ে বিবর্তনবাদ ও বিবর্তনবাদ সম্পর্কিত ডারউইনের থিউরি নিয়ে আলোচনা করেন।
আবার আগামী ২৬ সেপ্টেম্বর মঞ্চস্থ হবে প্রখ্যাত নাট্যজন উৎপল দত্তের ‘মৃত্যুর অতীত’ অবলম্বনে নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। নাটকটির নবনাট্যায়ন ও নির্দেশনা দিয়েছেন মিথুন মোস্তফা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। নাটকের কারিগরি নির্দেশনায় আসিফ মুনীর। নাটকটি মঞ্চে এনেছে বঙ্গরঙ্গ নাট্যদল।
শ্রমজীবী মানুষের আন্দোলন, রাষ্ট্রীয় নিপীড়ন ও শাসক-শোষিত দ্বন্দ্বের নান্দনিক প্রয়াস এটি। গত আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন শুরু হয়। বঙ্গরঙ্গ নাট্যদল জানিয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর আবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে দর্শকের সামনে আসছে ‘মৃত্যুহীন প্রাণ’।