প্রাথমিক বিদ্যালয় যেন ময়লার ভাগাড়

টাঙ্গাইলের কালিহাতীতে ৬৮নং বল্লা ১নং প্রাথমিক বিদ্যালয়ের পাশে আবর্জনার স্তূপ জমে থাকায় দুর্গন্ধে দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষক- শিক্ষার্থীরা। এর কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়ে পড়তে আসা কোমলমতি শিশুরা।

সরেজমিন গিয়ে দেখা যায়, বিদ্যালয় ছুটি হলে বা বন্ধ হলেই হরহামাশাই স্থানীয়রা প্রকৃতির ডাকে সাড়া দিতে বিদ্যালয়ের মাঠে চলে যায়। স্কুলের আশ-পাশে অপরিকল্পিত পাবলিক টয়লেট, দক্ষিণ পূর্ব দিকে দেয়াল না থাকায় কাগজ, পলিথিন, উচ্ছিষ্ট খাবারসহ নানা বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। প্রতিদিন বল্লা বাজারের ময়লা-আবর্জনা ফেলে রাখা হয় বিদ্যালয়ের সন্নিকটে। ফলে বিদ্যালয়ের চারপাশ দুর্গন্ধে ভরে থাকে।

balla primary school -1

এ ছাড়া বিদ্যালয়ের পাশের পরিত্যক্ত ভবনকে মাদকসেবীরা আস্থানা হিসেবে ব্যবহার করছে। সেখানে প্রায়শই তাদের আড্ডা বসে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অন্যদিকে বিদ্যালয়ের সীমানা প্রাচীর পাকা দেয়াল ভাঙার কারণে লাকড়ি ব্যবসায়ীরা স্তুপ করে রাখছেন লাকড়ির গাদা। একই সাথে দেয়ালের পাশেই বসানো হয়েছে ভাজাপোড়ার দোকান। এসব দোকানের কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে এবং বিদ্যালয়ের পাঠদান অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে।

স্থানীয় অভিভাবকরা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের পাশে ময়লার ভাগাড়, মাদকসেবীদের আড্ডা, লাকড়ির স্তুপ ও দোকানের ধোঁয়া শিক্ষার্থীদের জন্য চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে বিদ্যালয়ের পরিবেশ আরও নাজুক হয়ে পড়বে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, এরকম আগেও ছিল বর্তমানে আরো প্রকট আকার ধারণ করেছে। মূলত কারণ হচ্ছে এই প্রতিষ্ঠান বাজারের ভেতরে। আশে পাশে সীমানা প্রাচীর না থাকায় বহিরাগতরা বিদ্যালয়ের আঙ্গিনায় মল-মূত্র ত্যাগ করে। নেই স্বাস্থ্যসম্মত নলকূপ। একটি রয়েছে স্কুলের বাইরে। এ কারণে নিরাপদ পানির অভাবে ভুগছে শিশুরা। এ বিষয়ে লিখিত ও মৌখিকভাবে কর্তৃপক্ষকে বার বার জানিয়েও আশ্বাস ছাড়া কিছু পাইনি।