চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর ধুরুং গ্রামের মোহাম্মদ আইয়ুব আলী উন্নত জীবনের খোঁজে পাড়ি জমিয়েছিলেন মরু দেশ ওমানে। পরিবার-পরিজনকে একটু ভালো রাখার আশায় কাটিয়ে দিয়েছেন জীবনের দীর্ঘ সময় প্রবাসে। কিন্তু সেই স্বপ্নই একদিন কাল হয়ে দাঁড়াল তার জন্য।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে ওমানের মাস্কাটের মুবেলা এলাকায় নির্মাণাধীন এক দেয়াল ধসে প্রাণ হারালেন আইয়ুব আলী। তিনি শ্রমিকদের নিয়ে কাজ করছিলেন। হঠাৎ দেয়াল ভেঙে পড়লে সবাই প্রাণে বাঁচলেও তিনি চাপা পড়ে মারা যান। আইয়ুব ছিলেন তিন ছেলে ও এক মেয়ের জনক।
দুর্ঘটনার খবর পৌঁছাতেই গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। কাঁদতে কাঁদতে স্বজনরা বলেন, জীবনভর যিনি পরিশ্রম করে গেলেন, শেষবার অন্তত দেশের মাটিতে দাফন হোক তার। এখন গ্রামের মানুষ শুধু অপেক্ষা করছে, প্রবাসে হারিয়ে যাওয়া প্রিয়জনের নিথর দেহ কবে পৌঁছাবে আপন ঠিকানায়।