মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় রাকিবুল ইসলাম (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সোহেল মাদবর ও রবিন মাদবর গুরতর আহত হয়েছেন।
আজ শনিবার সন্ধ্যা সাতটা দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের নুরুল আমিন কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম উপজেলার উমেদপুর ইউনিয়নের ক্রোকচর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, নিহত রাকিব চান্দেরচর বাজার থেকে বাইসাইকেলে করে বাড়িতে যাওয়ার পথে নুরুল আমিন কলেজের সামনে আসলে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাকিব ও মোটরসাইকেল আরোহী সোহেল ও রবিন গুরুতর আহত হয়।
স্থানীয়রা রাকিব, সোহেল ও রবিনকে উদ্বার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে আশংকাজনক অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত রবিন ও সোহেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর এখনো পাইনি। খোঁজ নিচ্ছি।