শ্রীপুরে র‌্যাবের গাড়ি অবরুদ্ধের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তারের সময় র‌্যাবের গাড়ি ভাঙচুর ও র‌্যাব সদস্যদের অবরুদ্ধের ঘটনায় উপজেলা যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার ভোরে অভিযান চালিয়ে র‌্যাব-১ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম এমদাদ প্রধান (৪৫)। তিনি বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের হাসমত আলী প্রধানের ছেলে। এমদাদ শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

গত ৭ সেপ্টেম্বর রাতে বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তা মোড় এলাকায় মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব। পরে মোশারফের পরিবারের লোকজনসহ স্থানীয় কিছু লোক র‌্যাবের গাড়ি অবরোধ করে ফেলে। কিছুক্ষণের মধ্যে সেখানে ব্যবসায়ীসহ স্থানীয় কয়েকশ মানুষ র‌্যাবের গাড়ি অবরুদ্ধ করে রেখে ভাঙচুর চালিয়ে অস্ত্রসহ আটক মোশারফকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর সেনাবাহিনীর সদস্যরা গিয়ে র‌্যাব ও পুলিশ সদস্যদের উদ্ধার করেন। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি এমদাদ প্রধান।

শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ জানান, এমদাদ প্রধান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। ব্যক্তির অপরাধের দায় দল নেবে না।