নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাইজাদী গ্রামের আবুল হোসেনের ছেলে আনিছুর রহমান আনিছ (৭) এবং একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে জাহিদুর রহমান জাহেদ (৫)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, সকালে আনিছ ও জাহেদ বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় অগভীর পানিতে নেমে গোসল শুরু করলেও একসময় গভীর পানিতে চলে যায় তারা। পরিবারের লোকজন ভেবেছিল শিশু দুজন পাশের বাড়িতে খেলছে। পরে দুপুর ১২টার দিকে পানিতে ভেসে ওঠা তাদের নিথর দেহ দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক মোশাররফ হোসেন আরও বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুজন মারা যায়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় তাদের মৃত্যু হয়েছে।