আর কয়েকঘণ্টা পর এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে দর্শকদের জন্য কঠোর নিয়ম-কানুন ঘোষণা করেছে দুবাই পুলিশ। কেউ নিয়ম ভাঙলে তাকে আইন অনুযায়ী কঠিন শাস্তি দেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ম্যাচ শুরু হওয়ার তিন ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খোলা হবে এবং প্রবেশের সময় প্রত্যেক দর্শককে বৈধ টিকিট প্রদর্শন করতে হবে। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। স্টেডিয়ামের বাইরে এলোমেলোভাবে গাড়ি পার্কিং করা যাবে না। নির্ধারিত পার্কিং এলাকা ব্যবহার করতে হবে এবং একবার প্রবেশের পর স্টেডিয়াম থেকে বের হয়ে পুনরায় প্রবেশের সুযোগ থাকবে না।
ইভেন্ট সিকিউরিটি কমিটি দর্শকদের খেলোয়াড়সুলভ আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শৃঙ্খলাপূর্ণ ভাবমূর্তি রক্ষা করতে সকল নিয়ম-কানুন মানার ওপর জোর দিয়েছে। কমিটির চেয়ারম্যান ও দুবাই পুলিশের অপারেশন বিভাগের সহকারী প্রধান মেজর জেনারেল সাইফ মাহর আল মাজরুই জানিয়েছেন, খেলার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে এবং যেকোনো নিয়ম ভঙ্গের ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইউএই-র ‘ফেডারেল ল’ অন সিকিউরিটি অব ফ্যাসিলিটিজ অ্যান্ড স্পোর্টিং ইভেন্টস’ অনুযায়ী, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। অনুমতি ছাড়া স্টেডিয়ামে প্রবেশ বা নিষিদ্ধ দ্রব্য বহনের দায়ে দোষী প্রমাণিত হলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড এবং ৫,০০০ থেকে ৩০,০০০ দিরহাম জরিমানা হতে পারে। সহিংসতা, দর্শকদের উদ্দেশে বস্তু নিক্ষেপ, বা অশালীন/বর্ণবাদী ভাষা ব্যবহার করলেও ১০,০০০ থেকে ৩০,০০০ দিরহাম জরিমানা ও কারাদণ্ড হতে পারে।
স্টেডিয়ামে যেসব সামগ্রী বহন করা যাবে না:
রিমোট-নিয়ন্ত্রিত ডিভাইস, পোষা প্রাণী, অবৈধ বা বিষাক্ত পদার্থ, পাওয়ার ব্যাংক, আতশবাজি বা ফ্লেয়ার, লেজার পয়েন্টার, কাঁচের জিনিসপত্র, সেলফি স্টিক, মনোপড, ছাতা, ধারালো বস্তু, ধূমপানের সামগ্রী, বাইরের খাবার বা পানীয়, বড় ব্যানার বা পতাকা।