বাগেরহাটে পরিত্যক্ত একটি গরুর খামার থেকে মুখে কালো টেপ ও গলায় রশি দিয়ে পেচানো অবস্থায় শহীদুল ইসলাম মোল্লা (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার বিকেলে বাগেরহাট-চিতলমারী সড়কের সদর উপজেলার গোটাপাড়া গ্রামের গরুর খামার থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে পুলিশ।
লাশটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে গেছে। তবে এই হত্যাকাণ্ডে জড়িতদের পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি।
শহীদুল ইসলাম মোল্লা পেশায় অটোরিকশা চালক। তিনি বাগেরহাট শহরের মহিলা কলেজ রোডের নুর ইসলাম মোল্লার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন সন্ধ্যায় বলেন, শনিবার বিকেলে শহীদুল ইসলাম মোল্লা শহরের মহিলা কলেজ রোডের বাসা থেকে বের হন। অনেক রাত হলেও বাড়িতে ফিরছে না দেখে পরিবার তার মোবাইলফোনে ফোন করে তা বন্ধ পান। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে শহীদুলের পরিবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রবিবার দুপুরে স্থানীয়রা পরিত্যক্ত একটি গরুর খামারে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সেখান থেকে শহীদুলের মরদেহটি উদ্ধার করে। পরিবার তাকে শনাক্ত করেছে। তার মুখে কালো টেপ ও গলায় রশি দিয়ে পেচানো ছাড়াও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে গেছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।