বাগেরহাট পৌর কর মেলায় ১৫ শতাংশ পর্যন্ত ছাড়

আপডেট : ২৮ জুন ২০২৬, ০২:৪০ পিএম

বাগেরহাট পৌরসভার সাড়ে চার কোটি টাকার বকেয়া পৌর কর আদায় করতে ব্যতিক্রমধর্মী তিনদিনের পৌর কর মেলার আয়োজন করেছে পৌর কর্তৃপক্ষ।

রবিবার (২৮ জুন) বেলা ১১টায় বাগেরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাহ উদ্দীন ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন। 

পৌরসভার নাগরিক সেবা বাড়াতে বকেয়া পৌর কর আদায়ের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর পরিশোধ করা যাবে। আগামী ৩০ জুন এই মেলা শেষ হবে।

এদিকে পৌরসভার নাগরিক সুবিধা বাড়াতে পৌর কর্তৃপক্ষের ব্যতিক্রমধর্মী কর মেলার আয়োজনে খুশি নাগরিকরা। পৌর কর আদায় হলে পৌরবাসীর নাগরিক সুবিধা বাড়বে—এমন প্রত্যাশা তাদের।

পৌরসভার বাসিন্দা মাহবুবুল আলম কাজল এই প্রতিবেদককে বলেন, বকেয়া আদায়ে পৌর কর্তৃপক্ষের এই আয়োজনে আমি দারুণ খুশি হয়েছি। আমি আজ পৌর কর পরিশোধ করেছি। ১০ শতাংশ ছাড় পেয়েছি। পৌর কর্তৃপক্ষ যদি পৌর কর আদায় করে নাগরিকদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করে, তাহলে পৌরবাসী সময়মতো কর পরিশোধে আরও উৎসাহিত হবে।

বাগেরহাট পৌরসভার প্রশাসক মো. মেজবাহ উদ্দীন বলেন, বাগেরহাট পৌরসভার হোল্ডিং সংখ্যা প্রায় ১০ হাজার। তাদের পৌর কর বকেয়া ছিল ৭ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে আদায় হয়েছে ২ কোটি ৫৫ লাখ টাকা। বকেয়া রয়েছে ৪ কোটি ৫৬ লাখ টাকা। বকেয়া পৌর কর আদায় না হলে পৌরসভার নাগরিকদের সেবা সঠিকভাবে দেওয়া সম্ভব হবে না। তাই পৌরসভাকে সচল রাখতে কর আদায় প্রয়োজন।

তিনি আরও বলেন, ২০০৫ সাল থেকে অনেক হোল্ডিংধারীর পৌর কর বকেয়া রয়েছে। যাদের পৌর কর বকেয়া রয়েছে, তাদের নোটিশ দেওয়া হয়েছে। পুরোনো বকেয়া আদায়ের নীতিমালা অনুযায়ী একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে শুনানির মাধ্যমে ১৫ শতাংশ পর্যন্ত কর মওকুফ করা হবে। আর যারা নিয়মিত কর পরিশোধ করেন, তাদের ক্ষেত্রেও ১০ শতাংশ পর্যন্ত কর মওকুফের সুযোগ রয়েছে। পৌরবাসীর নাগরিক সেবা উন্নয়নের গতি বাড়াতে এ মেলার আয়োজন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত