বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে আউটর্সোসিং এ কর্মরত ৬৬ জন কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার আশঙ্কায় তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে কর্মচারীরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরাতনদের বাদ দিয়ে নতুন করে নিয়োগ দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ ওই কর্মচারীদের।
বুধবার (১ জুলাই) সকালে কর্মচারীরা জড়ো হয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দিয়ে তার সামনে অবস্থান নিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের চাকরি পুনর্বহালের আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এতে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এদিকে আউটর্সোসিং কর্মচারীদের নিয়োগ দিতে মন্ত্রণালয়ের নীতিমালা মেনে সরকারের নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রবিউল হাসান আকাশ অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষ মৌখিকভাবে বলেছে গতকাল ৩০ জুন আমাদের নিয়োগ বাতিল হয়ে গেছে। অথচ আমরা যখন কাজে যোগদান করেছিলাম সেই নিয়োগপত্রে চাকরির মেয়াদ উল্লেখ ছিল ২৭ সালের ৩০ জুন পর্যন্ত। এছাড়া আমাদের বেতন বকেয়া রয়েছে ছয় মাসের সেই পাওনা এখনো পরিশোধ হয়নি। ২০২৫ সালের ২৩ নভেম্বর মন্ত্রণালয় আউটর্সোসিং নীতিমালার গেজেট প্রকাশ করে। সেখানে তফসিল খ এ উল্লেখ আছে অভিজ্ঞ কর্মী বাদ দিয়ে নতুনদের নিয়োগ দেওয়া যাবেনা। আর যদি বাদ দিয়ে নতুন নিয়োগ দিতে হয় তাহলে শুনানি করে মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটি গঠন করা আছে সেই কমিটির মাধ্যমে বাদ দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরাতনদের বাদ দিয়ে নতুন করে নিয়োগ দেওয়ার পায়তারা করছে। ৬৬টি পরিবারের পেটে লাথি দিতে একটি স্বার্থান্বেষীমহল পায়তারা করছে। এই পরিবারগুলোকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি।
আরেক কর্মচারী কার্জন শেখ বলেন, আমাদের চাকরি থেকে বাদ দেওয়ার কথা মৌখিকভাবে শোনার পর সাংবাদিক সম্মেলন করেছি, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের কাছে লিখিতভাবে জানিয়েছি। তাতে কোন সুফল মেলেনি। চাকরি হারালে ৬৬ কর্মচারীর পরিবারকে পথে বসতে হবে। তাই আমরা বাধ্য হয়ে আজ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছি। এই ৬৬ জন আউটর্সোসিং কর্মচারীকে চাকরিতে পুনবর্হালের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের দাবি মেনে না নিলে প্রয়োজনে আত্মহত্যার পথ বেছে নিতে বলে হুমকি দেন এই কর্মচারী।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, আমার কার্যালয়ের সামনের গেটে তালা ঝুলিয়ে আউটর্সোসিং কর্মচারীরা সামনে অবস্থান নেওয়ায় আমি কার্যালয়ে ঢুকতে পারিনি। এতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই সমস্যার সমাধান করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। ২০২৪ সালের জুন থেকে সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আউটর্সোসিং পদে নিয়োগ দিয়ে আসছে। গ্যালন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে ৬৬ জন আউটর্সোসিং কর্মচারীকে নিয়োগ দেয়। তারা এখন কর্মরত আছেন। নতুন অর্থ বছরে সরকার এইচআরডিই এজেন্সিকে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দিয়েছে। এই প্রতিষ্ঠান আগামী অর্থ বছরে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। নীতিমালা অনুযায়ী সরকারের নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান এই নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করবে বলে আশা করছেন এই কর্মকর্তা।
দুমকিতে বিএনপির ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন সভা