ঢাকার আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পক্রিয়া চলছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর হা-মীম গ্রুপের ৩নং গেট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, স্বামী রুবেল আহমেদ (৩৫) ও তার স্ত্রী সোনিয়া (২৮) এবং তাদের কন্যাসন্তান জামিলা (৬)। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলায় বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, সকাল থেকে আশপাশের কেউ তাদের রুমের দরজা খুলতে দেখেনি। পরে বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় বিকেলে পার্শ্ববর্তী রুমের এক ভাড়াটিয়া ওই রুমের জানালা দিয়ে তাকালে একজনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় রুমের ভিতরে ঝুলন্ত অবস্থা একজনের এবং খাটের ওপরে এক নারী ও শিশুসহ দুইজনের লাশ দেখতে পান। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান ভূঁইয়া জানান, আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এর বেশি কিছু বলা যাচ্ছে না।