ফেনীতে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

ফেনীর সদর উপজেলার মোটবীতে চোর সন্দেহে গণপিটুনিতে মনছুর আহম্মদ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাতে ইউনিয়নের লস্করহাট মধ্যম লক্ষ্মীপুর গ্রামের কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মনসুর আহম্মদ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের কাজির ঘাটলা গ্রামের সুলতান আহম্মদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মোটবীর মধ্যম লক্ষ্মীপুর গ্রামের কবিরের অটোরিকশা গ্যারেজে অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পেয়ে আটক করা হয়। পরে চোর সন্দেহে স্থানীয় লোকজন তাকে মারধর করে পাশের জমিতে ফেলে দেয়। গতকাল রবিবার ভোরে ইউনিয়নের গ্রামপুলিশ সদস্যরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

এ বিষয়ে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।