দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১

গাইবান্ধার সদর উপজেলার তুলশীঘাট এলাকায় বাসের ধাক্কায় রিপন মিয়া (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের তুলশীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রিপন মিয়ার বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মির্জা সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে। তিনি ওই গ্রামের মাহাফুজার রহমানের ছেলে। পেশায় তিনি কাঠ শ্রমিক। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলশীঘাটের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে রাস্তার পার্শ্বে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ট্রাকে শ্রমিকরা গাছের গুঁড়ি তুলতে ছিল। এ সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। পরে রিপন গাছের গুঁড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছে। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর ওই সড়কে অন্তত ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ও গাইবান্ধা সদর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায়। পরে যানচলাচল স্বাভাবিক হয়। 

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম। তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।