চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারি জাহাঙ্গীর মাঝিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর টাস্কফোর্স। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত আটটার দিকে নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় টাস্কফোর্স-৪ (৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড) বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
অভিযানে জাহাঙ্গীর মাঝির সঙ্গে আরও কয়েকজন চিহ্নিত দুষ্কৃতকারীও ধরা পড়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং ১ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
টাস্কফোর্স সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর মাঝির বিরুদ্ধে সদরঘাটসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির কারণে তিনি আত্মগোপনে থাকলেও গোপন তথ্যের ভিত্তিতে অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, জাহাঙ্গীর মাঝির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।