চট্টগ্রামে একসঙ্গে চার শিশুর জন্ম

চট্টগ্রামে নারী একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যে ২ জন ছেলে, ২ জন মেয়ে।  সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এসব শিশুর জন্ম হয়।

অস্ত্রোপচারের নেতৃত্ব দিয়েছেন হাসপাতালের সহযোগী অধ্যাপক, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি ইউনিট প্রধান ডা. তাসলিমা  বেগম। মা ও চার সন্তানের সবাই সুস্থ আছে। তাদেরকে হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই চিকিৎসক।

জন্ম নেওয়া চার শিশুর মধ্যে একজনের ওজন ১.৪  কেজি, আরেকজনের ১.৩  কেজি এবং ২ জনের ১.২ কেজি। সাধারণত সুস্থ নবজাতকের স্বাভাবিক ওজন ২.৮ থেকে ২.৯  কেজি হয়। বিগত দুই মাস ধরে ওই নারী চমেক হাসপাতালে ভর্তি ছিলেন। তবে তার নাম জানাতে অপারগতা প্রকাশ করেন ডা. তাসলিমা  বেগম। 

এর আগে গত ২৭ এপ্রিল চমেক হাসপাতালে তিন কন্যা ও দুই ছেলে সন্তান জন্ম দেন ফেনীর গৃহবধূ নাহিদা আক্তার রিক্তা। ১০ মে নগরের বেসরকারি ন্যাশনাল হসপিটালে ৬ সন্তান জন্ম দেন কক্সবাজারের গৃহবধূ মরিয়ম। এর মধ্যে পাঁচটি কন্যা ও একটি ছেলে সন্তান।