বরগুনার আমতলীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের সময় সাংবাদিক দেখে ক্ষেপে গেলেন এক সাবেক ডিলার। গতকাল সোমবার উপজেলার গুলিশাখালি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য ইলিয়াস মিয়াকে ডিলার হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু বিষয়টি পরিচালনা করেন তারা বাবা সাবেক ডিলার গোলাম মস্তোফা শরিফ। গতকাল দুপুরে স্থানীয় দুই সাংবাদিক সেখানে যান। তারা চাল বিতরণে অনিয়ম অভিযোগের সত্যতা যাচাই করতে কয়েকটি বস্তা মাপ দিতে বলেন। এ সময় সাবেক ডিলার ও বর্তমান ডিলারের বাবা মস্তোফা শরিফ তাদের ওপর ক্ষেপে যান এবং অশালীন আচরণ করেন। পরে ৩০ কেজির চারটি বস্তায় ওজন করলে প্রত্যেকটি বস্তায় ২৯ কেজি করে চাল পাওয়া যায়। ডিলার ইলিয়াস মিয়া ৫৪৫ জন সুবিধাভোগী গ্রহীতাকে চাল দেন। প্রতিজনকে এক কেজি করে চাল কম দিলে ৫৪৫ কেজি চাল কোথায় যায় এ প্রশ্ন সবার।
এ বিষয়ে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা শারমিন জাহান বলেন, ‘চাল ওঠানামার সময় কিছুটা বাইরে বের হয়ে যেতে পারে! তারপরও এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান বলেন, ‘এ কাজে অনিয়মের কোনো সুযোগ নেই। কাউকে ৩০ কেজি চালের কম দিতে পারবে না। যদি কেউ কম দেয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’