ঘাঘট নদী থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধায় ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৪৩ ) নামের এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদীর পূর্ব কোমরনই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাসমিন গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া গ্রামের মৃত নাজির হোসেনের মেয়ে। তিনি গাইবান্ধা এন, এইচ মর্ডাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে স্থানীয়রা নদীতে গোসল করতে গিয়ে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে নিহতের মা মোছা. হাসনা হেনা বেগম তার মেয়ে তাসমিন আরার মরদেহ বলে সনাক্ত করেন।

 নিহতের পরিবার জানিয়েছেন, প্রায় ১০ বছর থেকে তাসমিন আরা মানসিক রোগে ভুগছিলেন।

এদিকে, স্থানীয় একটি সূত্র বলছে, তাসমিন আরা নাজ দীর্ঘদিন থেকে শিক্ষক পেশায় নিয়োজিত। এলাকার মানুষের কাছে তিনি একজন ভালো স্কুল শিক্ষক হিসেবে পরিচিত। তিনি জেলা শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের চাকরি করেছেন। গত কয়েকদিন থেকে তাসমিন আরা নাজের বিয়ের আলাপ চলছিল। তার বয়স প্রায় ৪৩ বছর হলেও ওই শিক্ষিকা বিয়েতে রাজি ছিলেন না। ওই শিক্ষিকার মৃত্যু রহস্যজনক। 

বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (অপারেশন) আবু ইকবাল পাশা। 

তিনি জানান,  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে। ঘটনার রহস্য অনুসন্ধানে পুলিশ তদন্ত করছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।