চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকায় পাহাড়ের গাছ কেটে নিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি কাজে ব্যবহৃত একটি নসিমন ভ্যান,আকাশমনি গাছের টুকরো,করাত ও লোহার হাসুয়া জব্দ করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শিল্প পুলিশের পরিদর্শক শওকত হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন।
আটক চারজন হলেন কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দিদারুল আলম (৩০),বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা আবদুল জলিল (৩৮),একই এলাকার মো. ইসমাইল (৩৫) ও একই ইউনিয়নের শাহমীরপুর গ্রামের মো. তারেক (২২)।
কেইপিজেড সূত্র জানায়,পরিবেশ ছাড়পত্র অনুযায়ী ২ হাজার ৪৯২ একর আয়তনের মধ্যে প্রায় ১ হাজার ৩০০ একর ভূমি সবুজায়ন ও উন্মুক্ত রাখার শর্ত রয়েছে। এর মধ্যে প্রায় ৮২২ একর ভূমিতে লাগানো হয়েছে ২৫ লাখ বিভিন্ন প্রজাতির গাছ। তবে বিভিন্ন সময়ে সংঘবদ্ধ চক্র এসব গাছ কেটে নিরাপত্তা কর্মীদের যোগসাজশে মূল ফটক দিয়ে বের করে নিচ্ছে বলে অভিযোগ আছে।
এ বিষয়ে জানতে কেইপিজেডের নিরাপত্তা ইনচার্জ সৈয়দুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
শিল্প পুলিশের পরিদর্শক শওকত হোসেন বলেন, ‘প্রাথমিক তদন্তে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তারা এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাদেরকে মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ বলেন, ‘গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’