আওয়ামী ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ার পরও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভারতে পলাতক হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার।
এই সরকারের বিরুদ্ধে সব ষড়যন্ত্র সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। নিষিদ্ধ ঘোষিত কোনো ফ্যাসিস্ট নির্বাচন করতে পারবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম জেলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান করা হয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সরকার। জনগণের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। চট্টগ্রামে মশক নিধন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা কাজ করছি। তারই ধারাবাহিকতায় আজকে আনোয়ারায় মশক নিধন সামগ্রী ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হচ্ছে। আমরা জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।
চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে ও আনোয়ারা উপজেলার ইউএনও মো.মহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। এর আগে কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, জেলা বিএনপির সদস্য হুমায়ন কবীর চৌধুরী আনসার,মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সালেহ জহুর প্রমুখ।