লালমনিরহাটে একাধিক সাংবাদিকের নামে দায়ের হওয়া মামলাকে হয়রানিমূলক বলে দাবি করে মামলা প্রত্যাহার এবং নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন সাংবাদিকরা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন স্থানীয় সাংবাদিক নেতারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দৈনিক আজকের পত্রিকাতে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরকে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা-ভাঙচুর মামলায় আসামি করা হয়েছে।
এছাড়া পাটগ্রাম থানার একটি হত্যা মামলায় দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আজিজুল হক দুলাল এবং সমকাল প্রতিনিধি মামুন হোসেন সরকারকেও আসামি করা হয়েছে। সাংবাদিক নেতারা বলেন, “এ মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক।”
তারা দাবি জানান, “তিনজন সাংবাদিকই নির্দোষ, যা তদন্তেই প্রমাণিত হবে। তাই দ্রুত আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের মামলা থেকে অব্যাহতি দিতে হবে।”
স্মারকলিপি গ্রহণের পর পুলিশ সুপার সাংবাদিকদের দাবির বিষয়ে আন্তরিকতা প্রকাশ করে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
অন্যদিকে, আদিতমারী প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের মানববন্ধনের কর্মসূচি ঘোষিত থাকলেও তা স্থগিত করা হয়। মানববন্ধন শুরুর ঠিক আগ মুহূর্তে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হকসহ দলটির একটি প্রতিনিধি দল এসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দিলে সাংবাদিকরা একদিনের জন্য কর্মসূচি স্থগিত করেন।