দুর্গাপূজায় কুমিল্লায় পুলিশের সাইবার নিরাপত্তা টিম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কুমিল্লায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময়ে গুজব ও অপপ্রচার রোধে সাইবার নিরাপত্তিতে বিশেষ টিম কাজ করবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ লাইনস, শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে নিরাপত্তা প্রস্তুতি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

এসপি নাজির আহমেদ খান বলেন, “পূজার পূর্বে, পূজা চলাকালীন এবং বিসর্জনের সময়—এই তিন ধাপে জেলা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। এ বছর জেলার ১৭টি উপজেলায় মোট ৮১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সেগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ৯৫০ জন পুলিশ সদস্যকে ছোট ছোট দলে ভাগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপে থাকবে স্থায়ী পুলিশ স্ট্যান্ড। পাশাপাশি থাকবে ডিবির কুইক রেসপন্স টিম এবং সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি। গুজব ঠেকাতে সাইবার মনিটরিং সেলও কাজ করবে।”

তিনি আরও জানান, দুর্গাপূজার সময় প্রত্যন্ত এলাকার মণ্ডপে পৌঁছাতে পুলিশের টিম নৌযোগেও কাজ করবে।

পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগরের আহ্বায়ক শ্যামল কুমার সাহা বলেন, “জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে পূজা উদযাপন সংক্রান্ত একাধিক বৈঠক হয়েছে। আমরা তাদের প্রস্তুতি ও আশ্বাসে সন্তুষ্ট। প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক ও সিসি ক্যামেরার নিরাপত্তা থাকবে। আশা করছি, নির্বিঘ্নে পূজা সম্পন্ন হবে।”

সংবাদ সম্মেলনে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, পঙ্কজ বড়ুয়া এবং আরও অনেকে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত