উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে গাজীপুরে রেল ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে জয়দেবপুর ভুরুলিয়া রেল গেইট এলাকায় গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা এ কর্মসূচি পালন করেন। এতে ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং ময়মনসিংহ গামী রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়।
ডিপ্লোমা প্রকৌশলীরা জানান, যারা কারিগরি শিক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও অযৌক্তিক দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কর্মসূচিতে গাজীপুর শহরের বিভিন্ন এলাকা থেকে চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। এছাড়াও এমআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউট, রয়েল পলিটেকনিক ইনস্টিটিউট, ভাওয়াল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও এতে যোগ দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের ৪০ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও প্রায় ৪ লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তারা আরও বলেন, বিএসসি প্রকৌশল শিক্ষার্থীরা যে তিন দফা দাবি উত্থাপন করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক। তাদের প্রতিটি দাবি দেশের চালিকাশক্তি ডিপ্লোমা প্রকৌশলীদের ক্যারিয়ারে আঘাত হানে।
এই দাবি জাতীয় কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি করবে এবং শিক্ষার্থী ও চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ বাড়াবে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ (ওসি) নাজিরুজ্জামান জানান, বিকেল সাড়ে ৪টা থেকে শিক্ষার্থীরা রেল রোড বন্ধ করে রাখে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ও ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী উভয় পথের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিকেল ৫টার দিকে তাদেরকে রেললাইন থেকে সরিয়ে দেওয়া হয়।
শিক্ষার্থীরা বলেছেন তাদের আন্দোলন না মানা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে, এমনকি পড়ার টেবিলে তারা বসবেন না।
চিরচেনা রূপে ফিরেছে দৌলতদিয়া ঘাট
কুমিল্লায় জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৭
আনোয়ারায় শীর্ষ অপরাধী আখতার হোসেন গ্রেপ্তার