নাসিরনগরে সরকারি ১৪০ বস্তা চাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় পাঁচ হাজার কেজি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের মহাখালপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এ সময় দোকান থেকে দুই শ্রমিককে আটক করে পুলিশ।

অভিযুক্ত দোকানদাররা হলেন স্থানীয় ব্যবসায়ী মোতাহার মিয়া ও রহমত আলী। আটক দুই শ্রমিকের নাম শাহা কামাল মিয়া ও জুয়েল মিয়া।

স্থানীয় সূত্র জানায়, সরকার সম্প্রতি হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে। নাসিরনগরে প্রায় ১১ হাজার উপকারভোগীর জন্য এ চাল বরাদ্দ রয়েছে। তবে চাল বিতরণ শুরুর আগেই সরকারি সিলমোহরযুক্ত ১৪০ বস্তা চাল এবং আরও প্রায় ১৫০টি খালি সরকারি বস্তা ওই দোকান থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. আবুল হোসেন বলেন, ‘আমি এখনই কিছু বলতে পারছি না। অফিসে এসে বিস্তারিত জানাতে পারব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি সিলমোহরযুক্ত ১৪০ বস্তা চাল এবং ১৫০টি খালি বস্তা জব্দ করা হয়েছে।