একবারের জন্য হলেও পিআর চায় জামায়াত

কমপক্ষে একবারের জন্য হলেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার বিকেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূতাবাসে ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল অংশ নেন।

নায়েবে আমির বলেন, ‘দেশের বর্তমান অবস্থা নিয়ে ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচন সুষ্ঠ এবং কীভাবে হবে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলো সবাই এক হয়ে আমরা কাজ করতে চাই বলেই আমরা জানিয়েছি।’

আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু নিয়ে জামায়াতের এই নেতা বলেন, ঐকমত্য কমিশন ৩১ দলের সঙ্গে আলোচনা করেছে, এর মধ্যে ২৬টি দল পিআর এর পক্ষে। তবে উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে কিছু মতবিরোধ আছে।

সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে টালবাহানা মেনে নেওয়ার মতো নয়। ফেয়ার নির্বাচন হওয়ার পরও এসব করা হয়েছে। পিআর হলে জাতীয় নির্বাচনে এসব হবে না এটাই আমরা মনে করি।

ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, ‘অধিকাংশের ঐক্যের ভিত্তিতেই এগিয়ে যাবে বাংলাদেশ। সময় বাড়ানোর মাধ্যমেই একমত হবে এমনটা নয়। সময় বাড়ানো সময়ক্ষেপণের চেষ্টা কি না সেটা আসলে দেখার বিষয়। দ্রুত আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে সবার একমত হওয়া উচিত।’

তিনি বলেন, আমারা আশা করছি আলোচনার মাধ্যমে আমাদের দাবি এবং জনগণের মতের প্রতিফলন হবে। তবে এর জন্যে উদার মানসিকতার দরকার। আমারা চাই জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হোক।

নায়েবে আমির আরও বলেন, জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া রাজনৈতিক দলগুলোর এই মানসিকতা পরিবর্তন জরুরি।