জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ পরবর্তী নির্বাচিত সরকার চালিয়ে যাবে এবং রাজনৈতিক দলগুলোর ইশতেহারে বিষয়টি থাকবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন নাহিদ ইসলাম। তবে এদিন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য শেষ না হওয়ায় আজ বুধবার তার সাক্ষ্য নেওয়া হবে বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। নাহিদ ইসলাম এ মামলার ৪৭তম সাক্ষী।
গতকাল ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে নৃশংসতা ছাত্র-জনতার ওপর হয়েছিল গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের পর আমাদের প্রথম দাবি ছিল এ বিচার প্রক্রিয়া যাতে যথাসময়ে এবং সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। আমরা আশা করছি যে, দ্রুত সময়ের মধ্যেই ন্যায়বিচার পাব।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার এ মামলায় হয়তো আমিই শেষ সাক্ষী। আমার সাক্ষ্যের পর এ মামলাটি রায়ের দিকে যাবে। তবে শুধু এ মামলাই নয়, এটা হয়তো আমরা ন্যায়বিচার পাব। কিন্তু সারা দেশের যে গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গ্রেপ্তার, গুম, খুন সংঘটিত হয়েছিল, তার কিন্তু অনেক মামলা রয়েছে। বিচার প্রক্রিয়া আরও দীর্ঘদিন ধরে চলবে। ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য এ ট্রাইব্যুনাল এবং অন্যান্য যে বিচার প্রক্রিয়া সাধারণ আদালতগুলোতে রয়েছে, সেটা যেন অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি সংবলিত রোডম্যাপের বিষয়ে সরকারের কাছে দাবি জানিয়েছি।’
নাহিদ আরও বলেন, ‘রাজনৈতিক দলের পক্ষ থেকে এ প্রতিশ্রুতি তাদের ইশতেহারে সেটা (বিচার চলমান রাখা) যেন থাকে এটা আমাদের প্রত্যাশা থাকবে। জুলাই গণহত্যার বিচার এবং গত ১৬ বছরে গুমসহ আরও ফ্যাসিবাদী হত্যাকা- ও অপরাধ যেগুলো রয়েছে, সেগুলোর বিচার যেন চলমান থাকে।’
ট্রাইব্যুনালে চলমান বিচারকাজ নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট যে, বিচার প্রক্রিয়া চলমান আছে। রায়ের দিকে দ্রুত সময়ে যাবে।’ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা বরাবরই বলছি, এখনো বলছি, সরকারের এটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবে আন্তর্জাতিক জনমত তৈরি করে এগোতে হবে। এ মামলায় যদি রায় হয়ে যায় তাহলে তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করার আর কোনো সুযোগ থাকবে না।’ নাহিদ বলেন, ‘এ সরকার এবং যেকোনো সরকারের জন্য এটা একটা নৈতিক ও আইনি দায়িত্ব থাকবে। আমরা আশা করব সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে।’
মাহমুদুর রহমানের পরবর্তী জেরা আজ : শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের আংশিক জেরা গতকাল শেষ হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল পরবর্তী জেরার জন্য আজ বুধবার দিন ধার্য করে। মাহমুদুর রহমানকে জেরা করছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। এর আগে গত সোমবার ট্রাইব্যুনালে জবানবন্দি দেন মাহমুদুর রহমান। ওইদিন জবানবন্দি শেষে গতকাল অবশিষ্ট জবানবন্দি দেন তিনি।