নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে বাস চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসে থাকা ২০ জন যাত্রী আহত হয়েছেন।
নিহত বাসচালক বেলায়েত হোসেন (ছয়চল্লিশ), চাটখিল উপজেলার কালিকাপুর গ্রামের গোলাম ছারোয়ারের ছেলে। তিনি নোয়াখালী-ঢাকা রুটের একুশে পরিবহনের চালক হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার দুপুর দেড়টায় নোয়াখালী-ঢাকা সড়কের নাওতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-নোয়াখালী সড়কের সোনাইমুড়ির নাওতলা এলাকায় একটি বালুবাহী ট্রাকের চাকা নষ্ট হওয়ায় সকাল থেকেই সেটি সড়কে থেমে ছিল। দুপুর আনুমানিক দেড়টায় ঢাকা থেকে আসা একুশে পরিবহনের একটি বাস অন্য একটি বাসকে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা মারে।
এ সময় বাস চালকসহ গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে। সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ডাক্তার বেলায়েত হোসেনকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন ভূঁইয়া বাস চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, "দুর্ঘটনায় বাসে থাকা অধিকাংশ যাত্রী আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিচ্ছি।"