বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদ এবং কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এতে বিভিন্ন ডিপ্লোমা শিক্ষার্থী ও শিক্ষকেরাও উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। অবরোধের কারণে মহাসড়কে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ প্রশাসনকে সড়কের পাশে অবস্থান করতে দেখা গেছে।
আন্দোলনকারীরা জানান, বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিকভাবে তিন দফা দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা তাদের এ কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শিক্ষার্থীরা বলেন, তাদের কর্মসূচি বন্ধ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
এর আগে, ডিপ্লোমা শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাবনা বাইপাসে সমবেত হয়। প্রায় এক ঘণ্টা পরে তারা সড়ক অবরোধ তুলে নেয়।
মহাসড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না
পুচকে ইউনিয়ন এসজি আর কারাবাখের চমক