চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে সর্বমোট ১ হাজার ১৬২ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন কার্যালয় থেকে এমন তথ্য জানা গেছে।
চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ৫২৮টি এবং হল সংসদে ৬৩৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার কেন্দ্রীয় সংসদে ১২৫টি এবং হল সংসদে ২৪৬টিসহ মোট ৩৭১টি মনোনয়নপত্র জমা পড়েছে। আগামীকাল (১৮ সেপ্টেম্বর) শেষদিনের মতো মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। বিকাল ৫টা পর্যন্ত চলবে মনোনয়ন ফরম জমাদান কার্যক্রম।
চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, গতকাল (১৬ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বিতরণের সর্বশেষ দিন থাকলেও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মনোনয়ন বিতরণের সময় বাড়ানো হয়। একইসঙ্গে আজ ফরম জমা দেওয়ার সর্বশেষ সময় থাকলেও আগামীকাল (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় ও হল সংসদে মোট ১১৬২টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।
তিনি আরও বলেন, এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা খুব সহনশীল পরিবেশ বজায় রেখেছে। এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
এর আগে গত রবিবার (১৪ সেপ্টেম্বর) শুরু হয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। চার দিনে চাকসুতে বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র পদে মনোনয়নপত্র নেন প্রার্থীরা। এর মধ্যে সময়সীমা বাড়ানোর ফলে শেষ দিনে কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র নেন ৩৯ জন এবং হল সংসদে ৩৪ জন প্রার্থী।
এবারের হল সংসদ নির্বাচনে ১৪টি হল ও একটি হোস্টেল সংসদে শেষ দিনে বিক্রি হয়েছে ৬৩৪টি ফরম। এর আগে গত তিন দিনে বিক্রি হয়েছিল ৬০০টি ফরম। সব মিলিয়ে হল সংসদের ২০৬টি আসনের বিপরীতে বিক্রি হয়েছে ৬৩৪টি ফরম। এদিকে, চাকসুতে মনোনয়নপত্র বিক্রয় হয়েছে ৫২৮টি। চাকসু ও হল সংসদ চারদিনে সবশেষ মোট মনোনয়ন ফরম বিক্রয় হয়েছে ১ হাজার ১৬২টি।
আগামীকাল ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর। প্রার্থীদের বিষয়ে আপত্তি ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)।