চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও এডুম্যাক্স কনসালট্যান্সির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী ‘আন্তর্জাতিক এডুকেশন এক্সপো-২০২৬’। চবি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক স্কলারশিপ ও বৈশ্বিক ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য প্রদানের লক্ষ্যে এ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ এক্সপোর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান।
এসময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনিসহ চাকসুর বিভিন্ন পর্ষদের সম্পাদকবৃন্দ।
দুই দিনব্যাপী এ এক্সপোতে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং অভিজ্ঞ শিক্ষা ও ক্যারিয়ার কনসালট্যান্টদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি মতবিনিময় ও পরামর্শ গ্রহণের সুযোগ রয়েছে। এতে বিভিন্ন দেশের উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ১৪টি বুথ রাখা হয়েছে।
শিক্ষার্থীরা পছন্দের স্কলারশিপ সম্পর্কে জানার পাশাপাশি ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিংয়ের সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া, ভিসা প্রসিডিউর, বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, প্রোফাইল অ্যাসেসমেন্ট, ফান্ড সিকিউরিটি এবং উচ্চশিক্ষার প্রস্তুতি ও আবেদনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনার সুযোগ পাবেন।
এছাড়া ৩০০-এর বেশি শিক্ষার্থীর জন্য বিনামূল্যে IELTS পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। চাকসুর পক্ষ থেকে জনানো হয়, দুদিনব্যাপী এ আয়োজনে এখন পর্যন্ত ১১০০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “আমরা শিক্ষার্থীদের জন্য এমন একটি নৈসর্গিক পরিবেশ চাই, যেখানে তারা স্বাধীনভাবে পড়াশোনা করতে পারে। আমাদের শিক্ষার্থীরা যাতে গুণগত মান অর্জনের জন্য বিদেশে যেতে পারে এবং পরে দেশে ফিরে এসে মানুষের কল্যাণে কাজ করতে পারে।”
তিনি আরও বলেন, “এই ধরনের তথ্য ও দিকনির্দেশনা আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নয়, বরং জ্ঞান অর্জন, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের একটি প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠুক। আমাদের শিক্ষার্থীরা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমরা যদি তাদেরকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সম্পদ হিসেবে বিবেচনা করি, তাহলে তাদের শিক্ষার মান, দক্ষতা এবং যোগ্যতা যত উন্নত হবে, আন্তর্জাতিক অঙ্গনে তাদের সুযোগও তত বেশি বৃদ্ধি পাবে।”
অনুষ্ঠানে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, “এটি অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যােগ। এ ধরনের উদ্যোগই প্রমাণ করে যে আমাদের শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে সচেতন এবং উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে জানতে ও নিজেদের প্রস্তুত করতে আগ্রহী।”
উচ্চশিক্ষায় ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য তৈরি এ এক্সপোতে বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ, ভর্তি প্রক্রিয়া এবং ক্যারিয়ার কাউন্সিলিং সংক্রান্ত তথ্য প্রদান করা হয়। মেলায় স্থাপিত বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা সরাসরি অভিজ্ঞ পরামর্শকদের সাথে কথা বলেন এবং উচ্চশিক্ষার সার্বিক নির্দেশনা গ্রহণ করেন।
কুড়িগ্রামে এসএসসিতে জিপিএ-৫ পেল যমজ দুই ভাই