দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার মামলায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ও তার ছেলেসহ ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।
গতকাল বুধবার দুপুরে দিনাজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবীর এ আদেশ দেন।
আসামিরা হলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, তার ছেলে মো. নিশান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন ম-ল, নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আইনুল হক, আজিজুল হক, জামিনুর রহমান, মোমিনুল ইসলাম, আজিজার রহমান, সাজেদুর রহমান সবুজ।
জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে নবাবগঞ্জ উপজেলার তপনঘাট এলাকায় আওয়ামী লীগ অফিসে গোপন মিটিং হয়। পরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশি ধারালো অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে দলীয় কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে সাবেক এমপি শিবলী সাদিক ও তার চাচা দেলোয়ার হোসেনের নির্দেশে ককটেল, হাঁসুয়া, রড, চাইনিজ কুড়াল ও দেশি বিভিন্ন অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা করে।
এই ঘটনায় চলতি বছরের ৮ জানুয়ারি নবাবগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের কর্মী নজরুল ইসলাম (৪০) নবাবগঞ্জ থানায় একটি মামলা করেন। ৮ সপ্তাহের জামিনের শেষ দিনে গতকাল বুধবার আসামিরা পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দিনাজপুরের কোর্ট পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, দুপুরে ১০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।