টাঙ্গাইলে টুকু

সবাই চায় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা বলে নির্বাচন করতে দেবে না, এটাই কিন্তু জনগণের বিপক্ষের কথা এবং তাদের যে ফ্যাসিবাদী মানসিকতা-চরিত্র, সেটি তারা ফুটিয়ে তুলছে। এই বাংলাদেশের মানুষ গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদের বিদায় করেছে, এমন মানসিকতাই কিন্তু সাধারণ মানুষ চায়। সবাই চায় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে বেছে নেবে। সেই ব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে এ সরকারের।

গতকাল বুধবার বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবে সাংবাদিকদের মধ্যে উপহারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ডাকসু ও জাকসু নির্বাচন সমালোচনা করে টুকু বলেন, আপনারা দেখেছেন, উগ্র সংগঠন তাদের সাবেক সংগঠন, তাদের সাবেক রূপ পরিবর্তন করে কাজ করেছেন এবং তাই তারা অনিয়মের পথ বেছে নেন।

সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তমকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা প্রসঙ্গে টুকু বলেন, টাঙ্গাইলে প্রশাসনের ব্যর্থতার কারণে মগড়া ইউনিয়নের সাধারণ সম্পাদকের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। জড়িতদের পুলিশ দ্রুত গ্রেপ্তার করবেএমনটাই প্রত্যাশা করেন তিনি।

এ সময় টাঙ্গাইল প্রেস ক্লাব সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ উপস্থিত ছিলেন।