সাকিবের সতীর্থ যুক্তরাষ্ট্রের কারিমা এখন ওয়েস্ট ইন্ডিজের

যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা কারিমা গোরে এখন ওয়েস্ট ইন্ডিজের। নেপালের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের ক্যারিবিয়ান দলে তার নাম আছে। নিয়মিত অধিনায়ক শাই হোপসহ বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ায় আরও ৪জন নবাগত ক্রিকেটার দলে জায়গা পেয়েছেন। এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন।

নতুন মুখদের মধ্যে আছেন— টপ অর্ডার ব্যাটার আকিম অগাস্টে, ব্যাটিং অলরাউন্ডার নাভিন বিদাইসি, লেগ-স্পিনার জিশান মোতারা, বাঁহাতি পেসার রামন সিমন্ডস এবং উইকেটকিপার-ব্যাটার আমির জানগু। এছাড়া যুক্তরাষ্ট্রের হয়ে ৮টি টি-টোয়েন্টি খেলা ব্যাটার করিমা গোরেও প্রথমবার ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পেয়েছেন। চলমান সিপিএল ২০২৫ আসরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে ১১ ম্যাচে ২১৯ রান করে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। একই দলের হয়ে সিপিএল খেলেছেন সাকিব আল হাসানও।

অভিজ্ঞদের মধ্যে আছেন ফ্যাবিয়ান অ্যালেন, জেসন হোল্ডার ও কাইল মেয়ার্স। দলে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলা হোসেন এবার প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন। এর আগে ২০২৪ সালের এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল নেপালে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল, যেখানে স্বাগতিকরা দুটি ম্যাচে জয় পেলেও সিরিজ হারায়। ২৭ সেপ্টেম্বর শারজায় সিরিজটি শুরু হবে, পরের দুটি ম্যাচ ২৯ ও ৩০ সেপ্টেম্বর।

ওয়েস্ট ইন্ডিজ দল: আকিল হোসেন (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, জুয়েল অ্যান্ড্রু, আকিম অগাস্টে, নাভিন বিদাইসি, জেদিয়াহ ব্লেডস, কেসি কার্টি, করিমা গোরে, জেসন হোল্ডার, আমির জানগু, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাকয়, জিশান মোতারা, রামন সিমন্ডস, শামার স্প্রিংগার।