পাইক্রফট হলো ভারতের প্রিয় রেফারি: রমিজ রাজা

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্ক এখনো চলছে। গতকাল পাকিস্তান বনাম আরব আমিরাত ম্যাচের আগেও অনেক নাটক হয়েছে। পাইক্রফটকে সেই ম্যাচে দায়িত্বে রাখা হবে না- এমন ঘোষণার পরও তিনি ক্ষমা চেয়ে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন। এরপরই পাইক্রফটকে ‘ভারতের প্রিয় রেফারি’ বললেন রমিজ রাজা।

পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘অ্যান্ডি পাইক্রফট ভারতের খুব প্রিয় ম্যাচ রেফারি। আমি যখন টস হোস্ট করি, তিনি সবসময় ভারতের ম্যাচে থাকেন। এটা স্বাভাবিক কিছু নয়। ক্রিকেট একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম, তাই রেফারি ও ম্যাচ কর্মকর্তাদের রাখা হয়। কিন্তু আমার মনে হয়েছে, এটি পক্ষপাতদুষ্ট।’

আইসিসির কাছে পিসিবির অভিযোগ ছিল, টসের সময় পাইক্রফট সরাসরি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাকিস্তানের অধিনায়ক সালমান আঘাকে হ্যান্ডশেক করতে বারণ করেন। পরে এটিকে ‘মিসকমিউনিকেশন’ হিসেবে দেখানো হয়। পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘আইসিসির বিতর্কিত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।’

পিসিবির বিবৃতিতে পাইক্রফটের বিরুদ্ধে আইসিসির তদন্ত শুরুর কথাও বলা হয়েছে। তবে আইসসিই সূত্র জানিয়েছে, পাকিস্তানের অভিযোগ সত্য নয় এবং কোন আনুষ্ঠানিক তদন্ত এখনও শুরু হয়নি। ভেন্যু ম্যানেজারের ত্রুটির কারণে ক্ষমা চাওয়া হয়েছে। তাই এই ঘটনা নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি। সুপার ফোরে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। সেই ম্যাচেও কি পাইক্রফটকে দেখা যাবে?