কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

ঢাকার সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারির জন্য সময় বেঁধে দিয়েছেন প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। আগামী ২২ সেপ্টেম্বর মধ্যে এ অধ্যাদেশ জারি না হলে কঠোর কর্মসূচি দেওয়া করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন ৭ কলেজের শিক্ষার্থীরা।

এর আগে, সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার পক্ষে বিভিন্ন সেøাগান দেন তারা। এ সময় সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার অধ্যাদেশ জারির মাধ্যমে বিদ্যমান সমস্যা নিরসন করতে হবে বলেও উল্লেখ করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে ৭ কলেজকে নিয়ে তালবাহানা করা হচ্ছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেওয়া হলেও তা এখনো পূর্ণতা পায়নি। নতুন বর্ষের শিক্ষার্থীরা ভর্তি হয়ে গেলেও এখনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ পায়নি। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে ৭ কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারি না করা হলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করবো।

শিক্ষকদের সমালোচনা করে শিক্ষার্থীরা বলেন, ২০১৭ সালের পর যে শিক্ষকরা কখনো শিক্ষার্থীদের পাশে ছিল না, এখন সাত কলেজের সমস্যা নিরসনের দিকে এগোলে তারা বাধা দেওয়ার চেষ্টা করছেন। এ সময় অধ্যাদেশ ছাড়া কোনো চূড়ান্ত সমাধান হবে না বলেও উল্লেখ করেন তারা।

এ ছাড়া, আন্দোলনে গেলে শিক্ষার্থীদের পরীক্ষার ফল খারাপ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন সাত কলেজের শিক্ষার্থীরা।