ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে নিজের ক্ষোভ প্রকাশের পর সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে সাথী আক্তার (৩০) নামে এক নারী উদ্যোক্তাকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল সোমবার শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে রবিবার রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার খাদিজা প্যালেস মার্কেট থেকে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। সাথী আক্তার ওই মার্কেটে অবস্থিত সাথী বিউটি পার্লারের মালিক। তার ফেসবুক লাইভের একটি বক্তব্য কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ২টার দিকে ‘সাথী মেকওভার’ নামে একটি ফেসবুক আইডি থেকে দুটি লাইভ ভিডিও প্রচার করেন সাথী আক্তার। ভিডিও দুটিতে তার ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে। একপর্যায়ে তিনি বলেন, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’
ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে প্রতিবাদ জানান এবং এ বিষয়ে বিচার দাবি করেন। এ নিয়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে রবিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে হেফাজতে নেয়।
পুলিশের ভাষ্যানুযায়ী, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ওই নারীকে সেখান থেকে থানায় নেওয়া হয়। গতকাল সোমবার তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ময়মনসিংহের আদালতে পাঠানো হয়। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, তিনি সাথী আক্তারের ফেসবুক লাইভের পুরো ভিডিও চারবার পর্যালোচনা করেছেন। সেখানে সরকারবিরোধী কোনো বক্তব্য বা সরকারের সমালোচনামূলক কিছু পাননি বলে জানান।
ওসি আরও জানান, ভিডিও প্রকাশের পর মার্কেটের কয়েকজন ব্যবসায়ী ওই নারীর সঙ্গে কথা বলতে গেলে তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। জনতার হাত থেকে তাকে নিরাপদে সরিয়ে থানায় নেওয়া হয়েছিল। পরে পরিস্থিতি বিবেচনায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।
ময়মনসিংহ আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান গণমাধ্যমকে জানান, সোমবার দুপুরে সাথী আক্তারকে আদালতে পাঠানো হয়। পরে বিকেল ৩টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজেদুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।