টু ক রো  খ ব র

পডকাস্টে আফজাল হোসেন

প্রথমবারের মতো কোনো পডকাস্টে অংশ নিয়েছেন একুশে পদকে ভূষিত বরেণ্য অভিনয়শিল্পী ও নির্মাতা আফজাল হোসেন। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র অষ্টম পর্বে অতিথি হয়ে আসছেন তিনি। পর্বটি প্রচার হবে আগামীকাল শনিবার রাত ৯টায়।  রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পডকাস্টে আফজাল হোসেন কথা প্রসঙ্গে বলেন, ‘তা-ব’ সিনেমায় শুরুতে তিনি অভিনয় করতে চাননি। পরে বন্ধু ফরিদুর রেজা সাগরের অনুরোধে তিনি পুনর্বিবেচনা করেন। যদিও শেষ পর্যন্ত ‘তা-ব’ সিনেমায় অভিনয়ে অভিজ্ঞতা সুখকরই হয়েছে। আফজাল হোসেন পডকাস্টে বলেন, ‘আমাদের সমাজে এখন প্রেম থাকিতেও প্রেমহীন, অল্পতেই অসন্তুষ্ট হওয়া মানুষের সংখ্যা প্রচুর। অনেকের জীবনে কোনো কিছু নিয়ে মুগ্ধতা নেই, নেই বিস্ময়। সুখের জন্য কাঙালিপনা নেই।

কৃতজ্ঞতার সঙ্গে প্রাপ্তির আনন্দ এখন আর কেউ স্বীকার করে না। বেঁচে থাকার অসাধারণত্ব অনুভব করে না।’

মৃত্যুর গুজবে বিব্রত মিশা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের মৃত্যুর গুজব। সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা  আর নেই। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।  বিষয়টি নিয়ে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা বিব্রত। বিষয়টি নিয়ে মিশা সওদারগর বলেন, ‘গত দুই দিন আগে আমি আমেরিকা থেকে দেশে এসেছি। আমার বন্ধু বদিউল আলম খোকনের নতুন সিনেমার শুটিং চলতি সপ্তাহে শুরু করব। সেই চরিত্রের প্রস্তুতি নিচ্ছি। তার মধ্যে এমন একটি গুজব ছড়িয়ে গেছে। সবার উদ্দেশে বলতে চাই, আলহামদুলিল্লাহ, আমি সবার দোয়ায় সুস্থ ও ভালো আছি। অহেতুক কেউ গুজব ছড়াবেন না এবং কান দেবেন না। আমার জন্য সবাই দোয়া করবেন।’ এবারই প্রথম নয়, এর আগেও এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছিল বেশ কয়েকবার। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন মিশা সওদাগর।

অস্কারের সমালোচনায় এমি

আসন্ন অস্কারের সমালোচনা করে এবার নতুন করে আলোচনায় এসেছেন এমি ও গোল্ডেন গ্লোবজয়ী মার্কিন কমেডি অভিনেত্রী এমি পোলার। পেয়েছেন হলিউড ওয়াক অব ফেম সম্মানও। তবে অস্কারটা এখনো জেতা হয়নি তার। সেই তারকা যখন অস্কারের সমালোচনা করেন, তখন বিষয়টা আমলে নেওয়ার মতোই। আর সমালোচনার বিষয়বস্তুও কমেডি। এমির মতে, অস্কারে বরাবরই কমেডি ছবিকে বঞ্চিত করা হয়েছে। নিজের পডকাস্ট শো ‘গুড হ্যাং’-এ এমি পোলার বলেন, ‘প্রতিবছর অস্কারে কমেডিয়ানরা খালি হাতে ফেরেন। শুধু সিরিয়াস মানুষজন পুরস্কার পায়। এটা জঘন্য ব্যাপার। কারণ কমেডি তো সহজ কিছু নয়।’ যদিও সাম্প্রতিক সময়ে এমন কিছু ছবি অস্কারে পুরস্কৃত হয়েছে, যেগুলোতে কমেডির আঁচ রয়েছে। ২৯ আগস্ট মুক্তি পেয়েছে তার অভিনীত কমেডি ছবি ‘দ্য রোজেস’। অলিভিয়াও এমির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘তুমি যদি কমেডি করতে পারো, তাহলে সবকিছুই করতে পারবে। এটা আমি প্রবলভাবে বিশ্বাস করি।’