চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন, লাইসেন্স বিহীনচালক নিষিদ্ধ ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এ কমসূচিতে রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়। এতে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তরা দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক ছয় লেন করার দৃশ্যমান উদ্যোগ নেওয়া অনুরোধ জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এছাড়া ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবে না বলে জানান বক্তারা।
চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ইকবালের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন- বিএনপি নেতা মো.আলমগীর, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মো. এনাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবু বক্কর, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম উদ্দিন, জামায়াত নেতা মো. ফয়সাল, ছাত্র নেতা জাবেদ হোসেন প্রমুখ।
১৫ সেপ্টেম্বর চন্দনাইশ এলাকায় সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ তিনজনের প্রাণহানির ঘটনার পর ফুঁসে উঠেছে এলাকাবাসী।