নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নিম্নকক্ষ আসনভিত্তিক ও উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে দুটোতেই কমবেশি ত্রুটি থাকলেও আমরা এ দুটি পদ্ধতি গ্রহণ করেছি। নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে।’
গতকাল শুক্রবার মেহেরপুরের গাংনীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া একটি দেশ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কার্যকর ভূমিকা রাখতে পাওে না। আমরা আশা করছি সবার অংশগ্রহণে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুজনের সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সুজনের মেহেরপুর জেলা শাখার সভাপতি সৈয়দ জাকির হোসেন, গাংনী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এএসএম সায়েম পল্টু, গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভট্টু, বিএনপি নেতা আব্দাল হক। এ সময় দ্য হাঙ্গার প্রজেক্ট, সুজন, পিএফজি, নারী নেটওয়ার্ক, ইয়ূথ অ্যান্ডিং হাঙ্গারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তিনি ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবনে স্বাস্থ্যসেবার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন।