পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে আসন্ন জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তিন দিনব্যাপী কর্মসূচি পালন করছে। গতকাল শুক্রবার এই কর্মসূচির দ্বিতীয় দিনে দেশের সাত বিভাগীয় শহরসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি। এতে অংশ নিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা।
গতকালের কর্মসূচিতে বরিশাল মহানগরে নেতৃত্ব দেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, রংপুর মহানগরে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগরে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিলেট মহানগরে সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, রাজশাহী মহানগরে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহ মহানগরে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং খুলনা মহানগরে কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
পাঁচ দফা দাবি : ১. জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, ২. পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু, ৩. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার এবং ৫. ফ্যাসিস্টদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতারা তাদের বক্তব্যে স্পষ্ট করেছেন, পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারা জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
চট্টগ্রামে জামায়াতের সমাবেশ : চট্টগ্রামে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘আওয়ামী লীগ স্টাইলে নির্বাচনের স্বপ্ন আর বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হবে না। জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার জনগণের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হচ্ছে। কিছু মহল সরকারের ভেতরে ষড়যন্ত্রে লিপ্ত। জনগণ ফ্যাসিবাদের পুনরাবৃত্তি মেনে নেবে না।’ সমাবেশে পিআর পদ্ধতির পক্ষে গণভোটের দাবি জানান তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
বরিশালে মুজিবুর রহমান : বরিশাল নগর ভবন চত্বরে সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দল সমান অপরাধী। জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।’ তিনি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের কথা উল্লেখ করে বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচনই জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ।’ সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
ময়মনসিংহে বিক্ষোভ :
ময়মনসিংহ নগরীর কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশে সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, অন্যথায় তীব্র গণআন্দোলন গড়ে উঠবে।’ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আমির কামরুল আহসান এমরুল।
পাবনায় ইসলামি দলগুলোর ঐক্য :
পাবনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি ভোট ডাকাতির দল। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না।’ ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কারচুপি বন্ধ হবে। ইসলামি দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে।’
রাজশাহীতে মোয়াজ্জেম হোসেন হেলাল : রাজশাহীতে সাহেব বাজারে সমাবেশে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন ফ্যাসিবাদের পথ রুদ্ধ করবে। সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।’ তিনি জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচনের দাবি জানান।
রংপুরে গোলাম পরওয়ারের আন্দোলনের ঘোষণা : রংপুরে টাউনহল চত্বরে সমাবেশে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকার চাপের মুখে মাথানত করেছে। তাই আমরা দেশবাসীকে নিয়ে রাজপথে আন্দোলনে নেমেছি।’ তিনি পিআর পদ্ধতির পক্ষে ৭০ শতাংশ জনগণের সমর্থনের কথা উল্লেখ করে গণভোটের দাবি জানান।
গাজীপুরে বিক্ষোভ মিছিল : গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে জামায়াতের বিক্ষোভ মিছিলে বক্তারা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং ফ্যাসিস্টদের বিচারের দাবি জানান।
সিলেটে আজাদের বক্তব্য : সিলেটের রেজিস্ট্রার মাঠে সমাবেশে এএইচএম হামিদুর রহমান আজাদ বলেন, ‘বিশেষ একটি দলের হস্তক্ষেপে সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন ফ্যাসিবাদী আমলের পুনরাবৃত্তি হবে।’ তিনি দুর্নীতি ও গণহত্যার বিচারের দাবি জানান।
খুলনায় জামায়াত ও ইসলামী আন্দোলনের সমাবেশ : খুলনার ডাকবাংলো মোড়ে জামায়াতের সমাবেশে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদের সম্ভাবনা থাকবে না। তাই কিছু মহল এটি ঠেকাতে চায়।’ ইসলামী আন্দোলনের সমাবেশে মুফতি আমানুল্লাহ বলেন, ‘বিএনপি জনগণের আস্থার ওপর ভরসা না করে পিআরের বিরোধিতা করছে।’