মুন্সীগঞ্জের সিরাজদীখানে শিশু হত্যা মামলার ১০ বছর ধরে পলাতক থাকা এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে স্বজনরা। ওই আসামির নাম আবুল হোসেন। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আসামি আবুল ওই গ্রামের শিশু শ্যামলী হত্যা মামলার এজাহার নামীয় ২ নম্বর আসামি। ২০১৪ সালে ওই হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, সম্প্রতি সম্পত্তি নিয়ে চরপানিয়া গ্রামে আসামি আবুল হোসেন ও প্রতিবেশী কুটু মিয়ার পরিবারের মধ্যে মারামারি হয়। ওই মারামারি মিমাংসায় শনিবার সকাল ১০ টার দিকে গ্রামের আব্বাস আলী মাতবরের বাড়িতে দুই পরিবারের লোকজন নিয়ে সালিশি বৈঠক বসে। সেখানে হত্যা মামলায় পলাতক আসামি আবুল উপস্থিত হন। খবর পেয়ে বেলা ১২ টার দিকে সালিশি বৈঠকে অভিযান চালায় সিরাজদীখান থানা পুলিশ। এসময় আবুলকে আটক করলে পুলিশের সঙ্গে তার স্বজনরা ধস্তাধস্তিতে লিপ্ত হয়। এক পর্যায়ে তাকে ছিনিয়ে নিয়ে চলে যায়।
সালিশি বৈঠকের সভাপতি বালুচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিন বলেন, ‘২০১৫ সালে শ্যামলী নামে এক শিশু খুন হয়। সেই মামলার ২ নম্বর আসামি আবুল। সালিশ চলাকালে পুলিশ এসে তাকে আটক করে। পরে তার স্বজনরা পুলিশের হাত থেকে জোর করে ছিনিয়ে নেয়।’
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু পুলিশের অবস্থান টের পেয়ে আসামি আবুল পালিয়ে যায়।’