টেকসই উন্নয়নে দরকার ব্যবসা ও প্রযুক্তির সম্পর্ক

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্কুল অব বিজনেস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) ব্যবসায় শিক্ষা অনুষদ এবং জার্মানির ওয়েইডেন বিজনেস স্কুল ও ইনস্টিটিউট অব সাইকোলজিক্যাল অ্যান্ড বিহেভিয়েরাল সায়েন্সের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস অ্যান্ড টেকনোলজি (আইসিবিটি) ২০২৫। গতকাল শুরু হওয়া দুই দিনব্যাপী এ সম্মেলনর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘টেকসই উন্নয়ন অর্জনে ব্যবসা ও প্রযুক্তির আন্তঃসম্পর্ক।’

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৫০ জন অংশগ্রহণকারী ১০০ টিরও বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন এবং ব্যবসা ও প্রযুক্তির সমন্বয়ে কীভাবে অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব সে বিষয়ে মতবিনিময় করবেন। কর্মসূচিতে আরও রয়েছে বিদেশ থেকে আগত ১০ জন বিশিষ্ট কী-নোট বক্তার বক্তব্য, বিভিন্ন উপস্থাপনা, ইন্টারেকটিভ সেশন ও প্যানেল আলোচনা।

ইউএপি মিলনায়তনে গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, এ ধরনের সম্মেলন শিক্ষাবিদ, পেশাজীবী এবং নীতি নির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করে, যা জাতির টেকসই উন্নয়নে অবদান রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক এবং ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

স্থপতি মাহবুবা হক ইউএপির একাডেমিক উৎকর্ষতা, উদ্ভাবন ও বৈশ্বিক সম্পৃক্ততার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, এ সম্মেলন ইউএপির উচ্চশিক্ষা ও গবেষণার ভিশনকে প্রতিফলিত করছে। অধ্যাপক ড. মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়গুলোর পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

সম্মেলনের সভাপতিত্ব করেন অধ্যাপক ড. এমএ বাকি খালিলী, ড. ক্রিশ্চিয়ানে হেলবাখ এবং অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এসআর ওসমানী। তিনি ব্যবসা, প্রযুক্তি এবং টেকসই উন্নয়নের সমন্বয় নিয়ে মূল্যবান দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানের শেষে সম্মানিত অতিথিদের ক্রেস্ট দেওয়া হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউএপির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সরওয়ার রাজ্জাক চৌধুরী। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক এই সম্মেলনের সফল উদ্বোধন ঘোষণা করা হয়।