বগুড়ার আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা বদল করে পাচারের সময় জনতার হাতে আটকের পর গুদাম সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার দুপুরে আদমদীঘি উপজেলার ব্রিজ মোড়ে তালুকদার শপিং কমপ্লেক্সের একটি গুদাম থেকে ১১৯ বস্তা চাল জব্দ ও গুদাম সিলগালা করেন মাহমুদা সুলতানা।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই গুদামে ৩৩ বস্তা চাল পাচার করেন ডিলার সাহিদা বেগম। পরে স্থানীয় জনতা চালগুলো আটক করেন। একপর্যায়ে গুদামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকারি বস্তা বদল করে প্লাস্টিকের ৩৫ বস্তায় রাখা ১ হাজার ৭৫০ কেজি এবং ১৮টি সরকারি চটের বস্তায় এবং খোলা মিলিয়ে ২ হাজার ৫৫০ কেজি চাল জব্দ করে। সেই সঙ্গে ৩৩ বস্তায় থাকা ১ হাজার ৬৫০ কেজি চাল জব্দ করে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদে রাখা হয়।