আর্থিক খাতে স্বচ্ছতা আনতে ৮ পরামর্শ যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট বা আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনে বাংলাদেশের জন্য আটটি পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার পূর্ববর্তী সরকারের মতোই গতানুগতিকভাবে বাজেট প্রণয়ন করেছে, যা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোর প্রতি সংস্থাটি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত আটটি পরামর্শ হচ্ছে বছরের শেষ হিসাব প্রতিবেদন যুক্তিসংগত সময়ের মধ্যে প্রকাশ করা; বাজেট নথি আন্তর্জাতিক মান অনুসারে প্রস্তুত করা; নির্বাহী বিভাগের ব্যয় পৃথকভাবে প্রদর্শন করা; বাজেটে সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের সম্পূর্ণ চিত্র প্রকাশ করা; আন্তর্জাতিক মান অনুযায়ী সর্বোচ্চ নিরীক্ষা কর্র্তৃপক্ষের স্বাধীনতা নিশ্চিত করা এবং তাদের জন্য বাজেটের সম্পূর্ণ তথ্যপ্রাপ্তির ব্যবস্থা করা; নিরীক্ষা প্রতিবেদন সময়মতো প্রকাশ করা, যাতে প্রস্তাবনা ও বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত থাকে; প্রাকৃতিক সম্পদ আহরণ-সংক্রান্ত চুক্তির প্রধান তথ্য প্রকাশ করা এবং সরকারি ক্রয়ের তথ্য প্রকাশ করা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় বাজেট প্রস্তাব অনলাইনে সাধারণ জনগণের জন্য প্রকাশ করা হলেও বছরের শেষে হিসাব প্রতিবেদন যথাযথভাবে প্রকাশ করা হয়নি। জাতীয় বাজেট স্থানীয় বা গতানুগতিক পদ্ধতিতে প্রণয়ন করা হতো, যা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। অন্তর্বর্তী সরকারও পূর্ববর্তী সরকারের বাজেট কাঠামোতে কোনো পরিবর্তন আনেনি। তবে, অর্থনৈতিক স্বচ্ছতা বৃদ্ধির জন্য সরকার কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সরকারি নিরীক্ষা সংস্থা অন্তর্বর্তী সরকারের অধীনে সম্পূর্ণ হিসাব যাচাই করতে পারেনি। তারা কিছু সারসংক্ষেপ প্রকাশ করলেও সংস্থাটি আন্তর্জাতিক মান অনুযায়ী স্বতন্ত্র নয়।

এ ছাড়া বাংলাদেশের বাজেট পদ্ধতিতে সরকারের ঋণের পরিমাণ, পরিকল্পিত ব্যয়, রাজস্ব আয় এবং প্রাকৃতিক সম্পদ থেকে অর্জিত আয় প্রদর্শিত হলেও এই তথ্যগুলো অনেক ক্ষেত্রে অসম্পূর্ণ ছিল। বিশেষত, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আর্থিক বরাদ্দ ও আয় প্রকাশ করা হলেও রাজস্ব এবং ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি। এমনকি নির্বাহী বিভাগের ব্যয় পৃথকভাবে প্রদর্শিত হয়নি।